শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,
প্রেস কাউন্সিল আইন

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ সরকারের

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৯:৩৮ এএম

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের উদ্যোগ সরকারের

প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এই সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, পেশাদার নিবন্ধন এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চালুর কঠোর বিধান যুক্ত করা হচ্ছে। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এই তথ্য জানান।

বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের উত্থাপিত এক লিখিত প্রশ্নের লিখিত ও মৌখিক জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, প্রেস কাউন্সিলকে আরও একটি শক্তিশালী ও কার্যকর গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

বার কাউন্সিলের আদলে প্রেস কাউন্সিলকে সাংবাদিকদের নিবন্ধন প্রদান এবং প্রকৃত সাংবাদিকদের একটি সুবিন্যস্ত অনলাইন ডেটাবেজ তৈরির ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে এই প্রস্তাবিত সংশোধনীতে। এর পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মান ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করার লক্ষ্যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও দেওয়া হবে প্রতিষ্ঠানটিকে।

মানসম্মত সাংবাদিকতা বজায় রাখতে আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান আইনে অন্তর্ভুক্ত করা জরুরি বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। মিথ্যা বা হয়রানিমূলক প্রতিবেদন প্রকাশ এবং সাংবাদিকতার নীতি ও জনস্বার্থের পরিপন্থী সংবাদ পরিবেশনের বিষয়গুলোও এই শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আসবে।

আচরণের সুনির্দিষ্ট বিধি লঙ্ঘন করে বা জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ন করে কোনো সংবাদ প্রকাশ কিংবা মুদ্রণ করা হলে, সংবাদপত্র, গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে প্রেস কাউন্সিল স্বউদ্যোগে তদন্ত শুরু করতে পারবে। এ ছাড়া প্রয়োজনীয় আদেশ জারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের ক্ষমতাও দেওয়া হবে এই সংস্থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে গুজব, ভুয়া খবর এবং বিদ্বেষমূলক বক্তব্য বা অপপ্রচার রোধের ক্ষেত্রেও এসব আইনি ক্ষমতা প্রয়োগের সুনির্দিষ্ট বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।