সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৯:৪১ এএম
ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় পূর্বানুমানযোগ্য ও টেকসই অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি শক্তিশালী, স্বনির্ভর, সমতাভিত্তিক ও সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের অংশ হিসেবে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে এই বার্তা তুলে ধরা হয়। স্থানীয় সময় শুক্রবার বিকেলে মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও মোকাবিলা বিষয়ক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বাংলাদেশের এই অবস্থান উপস্থাপন করেন। তিনি বলেন, মহামারি প্রস্তুতিকে কেবল জরুরি পরিস্থিতি মোকাবিলার আকস্মিক ব্যয় হিসেবে দেখলে চলবে না। একে মানবনিরাপত্তা, সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের অপরিহার্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। কার্যকর মহামারি প্রস্তুতির জন্য সরকার, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি খাত, গবেষক ও তৃণমূল কমিউনিটির মধ্যে সুসমন্বিত অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
জাতীয় স্বাস্থ্য অগ্রাধিকার তুলে ধরে বাংলাদেশের প্রতিনিধি রোগ নজরদারি ও পরীক্ষাগারের সক্ষমতা আধুনিকায়নের তাগিদ দেন। একই সঙ্গে তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা এবং স্বাস্থ্য খাতের জনবল আরও দক্ষ করে তোলার বিষয়টি উপস্থাপন করেন। স্বাস্থ্যসেবাকে সর্বজনীন ও সমতাভিত্তিক করতে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরা হয়। সমতা ও সংহতির নীতির ভিত্তিতে মহামারি এবং জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি প্রতিরোধ, প্রস্তুতি ও মোকাবিলায় বহুপাক্ষিক ও আন্তঃপ্রজন্মভিত্তিক দৃষ্টিভঙ্গি জোরদার করার প্রতিপাদ্য নিয়ে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
বক্তব্যের শেষাংশে তিনি স্মরণ করিয়ে দেন যে, পরবর্তী মহামারি থেকে কোনো একক দেশের পক্ষে একা সুরক্ষিত থাকা সম্ভব নয়। একটি নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে প্রতিটি দেশকে নিজস্ব জাতীয় স্বাস্থ্য অবকাঠামোতে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা সুসংহত করার আহ্বান জানানো হয়, যাতে পরবর্তী যেকোনো জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় বিশ্ব সম্মিলিতভাবে কার্যকর প্রস্তুতি নিতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন