রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রবাসী ভোটার হতে যেসব দলিল লাগবে: ইসি জানাল বিস্তারিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৪:৩৯ পিএম

প্রবাসী ভোটার হতে যেসব দলিল লাগবে: ইসি জানাল বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধনের প্রক্রিয়া সহজ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে।

এ উপলক্ষে কমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলাদির বিস্তারিত নির্দেশনা জানিয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খানআবি শাহানুর খান স্বাক্ষরিত এই পরিপত্রটি গত সোমবার জারি করা হয়।

রিপত্রে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়ণের জন্য নিম্নোক্ত দলিলাদি আবশ্যক করা হয়েছে:

  • অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (নিবন্ধন ফরম ২ক)

  • অনলাইন ভেরিফাইড বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের কপি।

  • মেয়াদসম্বলিত অথবা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি।

  • বিদেশি পাসপোর্টের কপি।

  • বিকল্প হিসেবে: সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিন জন বাংলাদেশি এনআইডিধারীর স্বাক্ষরিত নাগরিকত্ব প্রত্যয়নপত্র (নির্ধারিত ফরমে)।

আবেদনকারীর তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য কিছু অতিরিক্ত দলিলাদিও চাওয়া হয়েছে:

  • আবেদনকারীর পিতা-মাতার এনআইডি’র কপি, জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু সনদ (মৃত হলে) বা পাসপোর্ট কপি।

  • ওয়ারিশ সনদ অথবা বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি।

  • এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

  • প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা সনদ (এসএসসি/সমমান, জেএসসি বা পিইসি সনদ)।

  • বিশেষ এলাকা (যেমন চট্টগ্রাম বিভাগের ৫৬ উপজেলা/থানা)-এর জন্য বিশেষ তথ্য ফরম।

  • নিকাহনামা ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র।

  • সংশ্লিষ্ট ঠিকানার ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্স রশিদের কপি।

পরিপত্রে আরও বলা হয়েছে, আবেদনকারীকে মিশন অফিস থেকে প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট অনুসারে নির্ধারিত তারিখে স্বশরীরে উপস্থিত হয়ে নির্ধারিত আবশ্যকীয় দলিলাদি সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে (মিশন অফিসে) জমা দিতে হবে এবং ছবি ও বায়োমেট্রিকস (দশ আঙুলের ছাপ, আইরিশ, স্বাক্ষর) প্রদান করতে হবে।

অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধি তদন্তকারী কর্মকর্তা তথা রেজিস্ট্রেশন অফিসার (সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার)-এর কাছে জমা দিতে পারবেন। এছাড়া, প্রবাসীদের জন্য নির্ধারিত ফরম ২ক-এ প্রদত্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ভোটার এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক সরেজমিন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে, যা নিবন্ধনের জন্য বাধ্যতামূলক।