বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হাসিনা আরও ৫৮৬ মামলার মুখোমুখি হবেন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৫, ১১:০৫ এএম

হাসিনা আরও ৫৮৬ মামলার মুখোমুখি হবেন

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে। সারা দেশে বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত তার বিরুদ্ধে মোট ৫৮৭টি মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলার অধিকাংশে তাকে অপহরণ, হত্যাচেষ্টা, সহিংসতা এবং নাশকতার হুকুমদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি করা হয়েছে। মামলার এই দীর্ঘ তালিকা প্রতিদিনই দীর্ঘতর হচ্ছে বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এই ৫৮৭টি মামলার মধ্যে ৩২৪টি সরাসরি হত্যা মামলা, যা বর্তমানে তদন্তাধীন পর্যায়ে রয়েছে। একটি উল্লেখযোগ্য বিষয় হলো, শুধু ঢাকা মহানগরীতেই তার বিরুদ্ধে ৩২১টি হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের হয়েছে,

যা সারা দেশের মোট মামলার একটি বড় অংশ। মামলার এই পাহাড়ের মধ্যেই সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। জানা গেছে, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে বহুল আলোচিত শাপলা চত্বরে গণহত্যার মামলাটিও অন্তর্ভুক্ত রয়েছে।শুধু ফৌজদারি অভিযোগই নয়, এর বাইরেও শেখ হাসিনাকে আইনি মোকাবিলা করতে হচ্ছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরও ছয়টি মামলা প্রক্রিয়াধীন আছে।

এর আগে গত ২ জুলাই আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ছয় মাসের কারাদণ্ডও দিয়েছিলেন।গত বছরের ১৩ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় ব্যবসায়ী আবু সাঈদ হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রমতে, গত বছরের জুলাই-আগস্টের গণ-আন্দোলন এবং পরবর্তী বিভিন্ন সহিংস ঘটনার প্রেক্ষাপটে দেশব্যাপী আদালত ও থানাগুলোতে এ পর্যন্ত মোট ১ হাজার ৬০২টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ৫৯৯টি হত্যা মামলা এবং ১ হাজার ৩টি অন্যান্য অভিযোগে দায়েরকৃত মামলা।