নভেম্বর ১৮, ২০২৫, ১১:২০ এএম
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পাঠানো হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার একদিন পর এই আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।
রায় কার্যকর ও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য কপির একটি অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আরেকটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুধু এই দুই মন্ত্রণালয়েই নয়, মামলার রাজসাক্ষী হিসেবে দণ্ডপ্রাপ্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাছেও রায়ের একটি কপি পাঠানো হচ্ছে।
তিনি বর্তমানে কেন্দ্রীয় কারাগারে থাকায় কারাকর্তৃপক্ষের মাধ্যমেই তাকে রায়ের অনুলিপি পাঠানো হবে। তিনি এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি।
এর আগে, গতকাল সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায়ে ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল উল্লেখ করেন, শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধেই আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।তবে, মামলার অপর আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় এবং ট্রাইব্যুনালকে বিচারকাজে সহযোগিতা করায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।গত ১ জুন প্রসিকিউশন এই তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল।
অভিযোগগুলোর মধ্যে ছিল— গত বছরের ১৪ জুলাই গণভবনে উসকানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে মারার মতো গুরুতর অভিযোগ। এই পাঁচ অভিযোগেই গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন