নভেম্বর ১৮, ২০২৫, ০২:০১ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম বৃহৎ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাহিনীর সদস্যদের জন্য নতুন করে ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত অর্থনৈতিকবিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়।বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশ আনসার বাহিনীর কাছে থাকা অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে গেছে।
সেগুলো প্রতিস্থাপন করা জরুরি। বিশেষ করে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে তাদের ভূমিকার কথা বিবেচনা করে এই নতুন অস্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসাথে অর্থ উপদেষ্টা নির্বাচনের নিরাপত্তায় ভোটকেন্দ্র নিয়ে নেওয়া পূর্ববর্তী একটি সিদ্ধান্ত পরিবর্তনের কথাও জানান। তিনি বলেন, পূর্বে ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনার যে সিদ্ধান্ত হয়েছিল, তা বাতিল করা হয়েছে। সব কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহার করা হবে না। এই বিষয়ে নতুন সিদ্ধান্ত হলো, শুধুমাত্র যেসব ভোটকেন্দ্রকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হবে, সেব কেন্দ্রেই বডি অন ক্যামেরা সরবরাহ করা হবে। ড. সালেহউদ্দিন আহমেদ নিশ্চিত করেন যে, এই ক্যামেরাগুলো কেনার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে এবং নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে।
অর্থনৈতিক কমিটির বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। দেশে ই-পাসপোর্টের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার নতুন করে এক কোটি ই-পাসপোর্ট বই কেনার জন্য প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন করেছে। এ ছাড়া, দেশে টিকার সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সচল রাখতে প্রয়োজনীয় টিকা কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বৈঠকে।
আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার বিষয়েও সরকার সচেষ্ট বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, রমজানে পণ্যের দাম কম রাখতে এখন থেকেই কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই লক্ষ্যে রমজান শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় চাল ও গম আমদানি করা হবে। তিনি আরও জানান, ব্যবসায়ীদের আমদানির সুবিধার্থে এলসি বা ঋণপত্র খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন