সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৫, ১০:০৫ এএম

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার সকালে এই দুই শীর্ষ ব্যক্তিত্বের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসের কেন্দ্রীয় কর্মসূচির সূচনা হয়।

দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

আইএসপিআর নিশ্চিত করেছে, তিন বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এই সময় প্রধান উপদেষ্টা ১০১ জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করবেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

দিবসটির কর্মসূচি ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয়েছে। দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমানবাহিনী ঘাঁটির মসজিদগুলোয় এই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।