বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,
প্লট বরাদ্দে দুর্নীতি

হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৩:১৯ পিএম

হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির এক মামলায় আগামী ২৭ নভেম্বর চূড়ান্ত রায়ের দিন নির্ধারণ করেছেন আদালত।

রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তারিখ ঘোষণা করেন।

রাজউক-এর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যসহ মোট ২৩ জন ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। গত বছরের ডিসেম্বর থেকে এসব অভিযোগের তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের অভিযোগ অনুযায়ী, পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা যেসব প্লট নিয়েছেন, সেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। দুর্নীতি ও মিথ্যা হলফনামা দিয়েই এসব প্লট নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

চলতি বছরের ১০ মার্চ ছয়টি মামলায় ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করে দুদক। পরে ৩১ জুলাই থেকে ঢাকার চতুর্থ ও পঞ্চম বিশেষ জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। এই মামলার রায়ের অপেক্ষায় রয়েছে দেশের রাজনৈতিক মহল।