নভেম্বর ২৫, ২০২৫, ০৮:২১ পিএম
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাত চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের ওপর জলকামান, টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আগের বিসিএসে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেতেন।
কিন্তু এবার দুই মাসেরও কম সময় দেওয়া হয়েছে, যা তাদের জন্য অযৌক্তিক এবং প্রস্তুতি গ্রহণের জন্য অপর্যাপ্ত। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আন্দোলনকারীরা পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন।এর আগে, মঙ্গলবার দুপুরে পরীক্ষার্থীরা জাতীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হন। এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন বলে হুঁশিয়ারি দেন। পরে পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর (বুধবার) থেকে শুরু হবে বলে জানিয়েছে পিএসসি। এই পরীক্ষা একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন