রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এক লাফে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে উঠে এলো ঢাকা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৫, ১১:৩০ এএম

এক লাফে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে উঠে এলো ঢাকা

জাতিসংঘের 'ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫' প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ঢাকা বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে উঠে এসেছে। অন্যান্য শহরের তুলনায় ঢাকায় মানুষের চলাচল বেশি হওয়ায় এটি নবম অবস্থান থেকে এক লাফে এই অবস্থানে এসেছে।

প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, জনসংখ্যা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে বড় শহর হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতিসংঘের তথ্যমতে, বর্তমানে প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ ঢাকায় বসবাস করছেন। এক কোটি বা তার বেশি মানুষ বসবাস করে এমন শহরগুলোকে মেগাসিটি বলা হয়।

১৯৭৫ সালে বিশ্বের মেগাসিটির সংখ্যা ছিল মাত্র ৮, যা বর্তমানে ৩৩-এ পৌঁছেছে। এই ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টির অবস্থান এশিয়ায়।

শীর্ষ মেগাসিটিগুলোর বর্তমান চিত্র:

অবস্থান শহরের নাম জনসংখ্যা
১ম জাকার্তা, ইন্দোনেশিয়া ৪ কোটি ১৯ লাখ
২য় ঢাকা, বাংলাদেশ ৩ কোটি ৬৬ লাখ
৩য় টোকিও, জাপান ৩ কোটি ৩৪ লাখ
৪র্থ কায়রো, মিসর ৩ কোটি ২০ লাখ
৫ম নয়াদিল্লি, ভারত ৩ কোটি ২ লাখ

শীর্ষ ১০ মেগাসিটির মধ্যে ৯টি শহরের অবস্থানই এশিয়ায়। এশিয়ার বাইরে শীর্ষ দশে থাকা একমাত্র শহর হলো মিসরের রাজধানী কায়রো। আমেরিকার সবচেয়ে বড় শহর হলো ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ) এবং সাব-সাহারান আফ্রিকার সবচেয়ে বড় শহর হলো নাইজেরিয়ার লাগোস।

জাতিসংঘের মতে, ঢাকার জনসংখ্যা দ্রুত বাড়ার মূল কারণ হলো প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের রাজধানীতে আগমন। বিপুল সংখ্যক মানুষ কাজের সন্ধানে ঢাকায় আসছেন। এর পাশাপাশি অনেকে বন্যা বা সমুদ্রস্তর বৃদ্ধির মতো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এড়িয়ে অপেক্ষাকৃত নিরাপদ এই শহরে পাড়ি জমাচ্ছেন, যা ঢাকার পরিধি এবং জনসংখ্যা বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করছে।