ডিসেম্বর ৪, ২০২৫, ১১:২৬ পিএম
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতির মধ্যে তার পুত্রবধূ জোবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি লন্ডনের বিমানবন্দরে চেক ইন করেছেন এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে তাঁর ফ্লাইটটি ঢাকা অভিমুখে ছেড়েছে।
আশা করা হচ্ছে, শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তিনি বাংলাদেশে পৌঁছাবেন।খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, জোবাইদা রহমান বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন,
যেখানে জাতীয় নেত্রী খালেদা জিয়া বর্তমানে চিকিৎসাধীন। জোবাইদা রহমান দেশে পৌঁছানোর পর মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে ঠিক কখন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে।
ডা. জাহিদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরেই মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত দিয়েছে।বর্তমানে ৮০ বছর বয়সী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে গুলশানের বাসা 'ফিরোজা' থেকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে আনা হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।
জানা গেছে, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি চলছে। কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হবে। এই সফরে খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সৈয়দা শমীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকীসহ চিকিৎসক ও ব্যক্তিগত পরিচর্যাকারীসহ মোট ১৬ জন সফরসঙ্গী থাকবেন। এর আগে যুক্তরাজ্য ও চীন থেকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন