ডিসেম্বর ৫, ২০২৫, ০৩:৫৫ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত এখন পর্যন্ত ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "আমরা তাকে চেয়েছি, যেহেতু তিনি কনভিক্টেড, সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া আমরা পাইনি।
এটা নিয়ে স্পেকুলেট (অনুমান) আমার মনে হয় না করাই ভালো। দেখা যাক কী হয়।" তিনি জানান, এ ধরনের ঘটনায় রাতারাতি পরিবর্তন ঘটে না।
তারা অপেক্ষা করবেন, ভারতীয় কর্তৃপক্ষ থেকে কী প্রতিক্রিয়া পাওয়া যায়।তারেক রহমানের দেশে আসার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "তারেক সাহেব কখন আসবেন, সে সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।" তবে তিনি নিশ্চিত করেন যে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান সম্ভবত ঢাকায় পৌঁছে গেছেন বা আসছেন। তিনি খালেদা জিয়ার বিদেশ যাত্রা প্রসঙ্গে বলেন, "বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না। এয়ারক্রাফট নিয়ে একটু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে। সেক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে।
পররাষ্ট্র উপদেষ্টা তার রংপুর সফরের উদ্দেশ্যের সঙ্গে পররাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নেই জানিয়ে উত্তরবঙ্গকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার কথা উল্লেখ করেন। তিনি বলেন, "চায়নিজ সহায়তায় ১ হাজার বেডের হসপিটাল হবে নীলফামারী জেলায়।" এমনভাবে পরিকল্পনা করা হচ্ছে যেন শুধু নীলফামারী নয়, ক্ষেত্রবিশেষে আশপাশের দেশগুলো—বিশেষ করে ভারত, ভুটান থেকেও মানুষ চিকিৎসা নিতে আসতে পারে। এছাড়া ব্যবসা-বাণিজ্য বাড়ানো এবং বিপুলসংখ্যক যুবকের কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগ দেওয়া হচ্ছে।
আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশি ধরে নিয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, "এ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা সম্ভব নয়, কারণ তারা নন-স্টেট। মিয়ানমারের সঙ্গে যেমন আলোচনা করতে পারি, তাদের সঙ্গে তেমন পারি না।" তবে বাংলাদেশের স্বার্থ বিবেচনায় নিয়ে এই ঘটনা যাতে কমে বা না ঘটে, তার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, "আমরা চেষ্টা করছি খুব সঠিকভাবে নির্বাচন দিয়ে নির্বাচিতদের হাতে দেশের ভার দিয়ে দায়িত্ব থেকে অবসর নিতে।
রিফর্ম প্রসঙ্গে তিনি বলেন, "অনেকে আশা করছিলেন যে, আমরা সব রিফর্ম করে দিয়ে যাব, সেটা আসলে সম্ভব নয়। আমরা শুরু করে দিয়ে যাব, বাকিটা নির্বাচিতরা জনগণের কাছে আসবে, ইচ্ছার প্রতিফলন ঘটাবে। যারা ক্ষমতায় আসবেন, আশা করি তারা সরে যাবেন না, এটাই আমাদের প্রত্যাশা।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন