ডিসেম্বর ৫, ২০২৫, ০৪:৪১ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ফালতু কথা মাত্র। যারা এই ‘মাইনাস ফোর’ এর কথা বলছেন, তারা স্বৈরাচারের দোসরদের মতোই। তিনি আরও স্পষ্ট করে বলেন, এখানে কাউকে মাইনাস করা হয়নি, যারা মাইনাস হয়েছে তারা মূলত হত্যাযজ্ঞ ঘটিয়ে মাইনাস হয়েছে।
শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শফিকুল আলম বলেন, তিনি এখন আর কোনো নির্দিষ্ট পার্টির লিডার নন, তিনি আমাদের ন্যাশনাল লিডার এবং জনগণের লিডার।
আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, যেসব দল ব্যান্ড বা নিষিদ্ধ হয়েছে তারা বাদে সকল দলই নির্বাচনে অংশ নেবে। তিনি উল্লেখ করেন, জাতীয় পার্টিকে ব্যান্ড করা হয়নি। তারা যদি নির্বাচনে অংশ নিতে চায়, সেটি তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা। জাতীয় পার্টিকে স্বৈরাচারের বড় রকমের দোসর হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, তাদের সহযোগিতা ছিল বলেই আওয়ামী লীগ অনেক অকাম-কুকাম করে পার পেয়েছিল।এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার প্রসঙ্গে শফিকুল আলম দৃঢ়তার সাথে বলেন, যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকেরই বিচার হোক।
তিনি জানান, বর্তমানে দুজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যাদের মধ্যে একজন হলেন শেখ হাসিনা এবং অপরজন আসাদুজ্জামান খান কামাল। তিনি সরকারের পক্ষ থেকে দেশীয় এবং আন্তর্জাতিক নিয়ম মেনে তাদের দুজনের দণ্ড কার্যকর করার আহ্বান জানান। এই দণ্ডপ্রাপ্তদের আপিল করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রেস সচিব আরও বলেন, যাদের হাতে রক্ত আছে এবং যারা হত্যাযজ্ঞে জড়িত, তাদের প্রত্যেককে দেশে ফিরিয়ে আনা হবে। এটি শহীদদের কাছে তাদের দায় এবং শপথ।
তিনি বলেন, হাতে ৭০ দিনের মতো সময় আছে, এই সময়ের মধ্যে দণ্ড কার্যকরের চেষ্টা করা হবে। আর যদি তারা ব্যর্থ হন তবে পরবর্তী প্রজন্ম এই কাজটি করবে। মাগুরা জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির এবং মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এবং মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন