রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ছুটির দিনে চলছে মাধ্যমিকের বার্ষিক মূল্যায়ন, রোববার থেকে প্রাথমিক

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ০৪:৫৩ পিএম

ছুটির দিনে চলছে মাধ্যমিকের বার্ষিক মূল্যায়ন, রোববার থেকে প্রাথমিক

দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের জেরে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি অংশ আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় নেওয়া হচ্ছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে এবং সময়সূচি স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ এই ছুটির দিনে পরীক্ষার আয়োজন করেছে।

শুক্রবার সকাল থেকেই চট্টগ্রাম শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্তদের উপস্থিতি সন্তোষজনক ছিল এবং সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশেই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তবে শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, চলমান সেশনজট কাটাতে পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং সময়সূচি স্বাভাবিক রাখতে ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে পাবনা, সিলেটসহ কয়েকটি জেলায় মাধ্যমিকের স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার আরেকটি অংশ শনিবার নেওয়া হবে।এদিকে, প্রাথমিক শিক্ষক আন্দোলনকারী নেতারা জানিয়েছেন, আগামী রোববার থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা চলবে। ‘কমপ্লিট শাটডাউন’ বা কর্মবিরতির কারণে যেসব পরীক্ষা হয়নি, সেসব পরীক্ষা ছুটির দিনেই নেওয়া হবে। শুক্রবার দুপুরে আন্দোলনকারী শিক্ষক নেতা ও প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শাহীনুর আল আমিন জানান,

প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে কর্মচারীদের সহায়তায় অধিকাংশ পরীক্ষা হলেও বিচ্ছিন্ন কিছু ঘটনায় যেসব পরীক্ষা বাকি ছিল, সেগুলো শিক্ষকরা ছুটির দিনে নিয়ে নেবেন। তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবার ৪৩ জন শিক্ষককে গণবদলির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আরও পাঁচ শতাধিক শিক্ষক এই তালিকায় রয়েছেন।এর আগে বৃহস্পতিবার গভীর রাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং সংগঠন ঐক্য পরিষদের ১৬ জন আহ্বায়কের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিতকরণের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের নৈতিকতা, মানবিকতা এবং কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রোববার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি স্থগিত করা হলো। ফলে আগামী রোববার থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হবে। উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অন্যদিকে, অভিভাবকরা বলছেন, শিক্ষকদের আন্দোলনের জেরে শিক্ষার্থীদের পরীক্ষার সময় জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার্থীরা মানসিক চাপের মুখে পড়েছে এবং তারা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। উল্লেখ্য, সারা দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোটির বেশি শিক্ষার্থী পড়াশোনা করে এবং এসব প্রতিষ্ঠানে কর্মরত আছেন পৌনে চার লাখের বেশি শিক্ষক।