ডিসেম্বর ৫, ২০২৫, ০৬:০৩ পিএম
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আগমনের সময় নিশ্চিত করা হয়েছে। ঢাকাস্থ কাতার দূতাবাসের এক বার্তায় জানানো হয়েছে, শনিবার বিকেল ৫টায় জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছাবে।
বিমানটি জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানির হলেও এর ভাড়া থেকে শুরু করে আনুষঙ্গিক সকল ব্যবস্থাপনা ও খরচ বহন করছে কাতার সরকার।
এর আগে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে সেটি ঢাকায় পৌঁছাতে পারেনি। ফলে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার পূর্বনির্ধারিত তারিখটি কিছুটা পিছিয়ে যায়।
বিএনপির মিডিয়া সেল থেকেও শুক্রবার দুপুরে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়, এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রার প্রক্রিয়াটি বিলম্বিত হয়েছে।এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং বিদেশ যাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। শুক্রবার নয়াপল্টনের মসজিদে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি জানান, শনিবার কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছালে রোববার তাকে লন্ডনে নেওয়া হতে পারে।
তবে তিনি বিমানে ভ্রমণের মতো শারীরিক অবস্থায় আছেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তার চিকিৎসকরা। চিকিৎসকদের বোর্ডের অনুমতির ওপরই তার যাত্রার বিষয়টি নির্ভর করছে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। দীর্ঘ সময় কারাগারে থাকার কারণেই তার রোগের সূচনা হয়েছে এবং চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
দোয়া মাহফিলে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন এবং বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে বেগম জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন। সবকিছু ঠিক থাকলে রোববারই তিনি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে পারেন বলে দলীয় সূত্রে আশা প্রকাশ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন