মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,

সজীব ওয়াজেদ জয়কে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ০২:৪১ পিএম

সজীব ওয়াজেদ জয়কে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আদালতে হাজির হতে, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১০ ডিসেম্বর) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন। আদালত জয়ের পলাতক অবস্থা বিবেচনা করে তাকে জনসম্মুখে হাজিরার সুযোগ দিতে এই পদক্ষেপ নিয়েছেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে অভিযোগ আমলে নিয়েই পলাতক সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

এই একই মামলার সঙ্গে জুলাই আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উসকানি দেওয়াসহ মোট পাঁচটি অভিযোগে সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। এই শুনানির পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর।

এদিন সকালে ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয় মামলার অভিযুক্ত আসামি আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে।এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ২৩তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে। বুধবার এ মামলায় সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।