রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ০৬:৪১ পিএম

পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের সময়সীমা বেঁধে দিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি চাকরিজীবীরা। তারা আলটিমেটাম দিয়েছেন যে, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশ করা না হলে ১৭ ডিসেম্বর থেকে মাঠে নামবেন।

তাদের এই দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, অনেকগুলো বিষয় জড়িত।

কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি।’ বুধবার (১০ ডিসেম্বর) পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সংবাদমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকার একটি পে কমিশন গঠন করেছিল এবং সেই কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। সে হিসাবে কমিশনের হাতে সময় রয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।এর আগে রাজধানীর একটি হোটেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত এক সেমিনারে অর্থ উপদেষ্টা দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তিনি তাঁর বক্তব্যে দেশের দারিদ্র্য বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এর অন্যতম কারণ হলো ভালো প্রজেক্ট হাতে নিয়েও তা সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না। এটি সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি স্বীকার করেন যে, আইনে দুর্বলতা আছে, দুর্নীতি আছে এবং সিস্টেমের জটিলতা—সবকিছু মিলিয়েই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। উদ্যোক্তা তৈরির ওপর জোর দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ঋণ নিয়ে উদ্যোক্তা হওয়া ভালো, বিশেষ করে নারীরা উদ্যমী ও হিসাবী। তারা পরিবারের কল্যাণে খরচ করে বেশি, তাই তাদের উদ্যোক্তা তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে শহরে প্রপার্টি বাড়ছে, কিন্তু উচিত হলো অর্থনীতিকে ডিসেন্ট্রালাইজ করা বা বিকেন্দ্রীকরণ করা। শহর দরকার আছে, তবে গ্রামকে আরও চমৎকার এবং আকর্ষণীয় করে তুলতে হবে। তিনি মনে করেন, এই ক্ষেত্রে এসডিএফের ভূমিকা আরও বলিষ্ঠ হওয়া উচিত এবং সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে। পরিশেষে তিনি দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও আত্মমানবতায় অবদান রাখার গুরুত্বের ওপর জোর দেন।