বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হাদির স্বজনদের খোঁজ নিলেন জোবাইদা রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ১০:৫২ পিএম

হাদির স্বজনদের খোঁজ নিলেন জোবাইদা রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে তিনি হাসপাতালে গিয়ে হাদির স্বজনদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।ডা. জোবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে পৌঁছে হাদির ছোট ভাই ওমর এবং তার বোনের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন।

তিনি আহত হাদির উন্নত চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং ডাক্তার আমান।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় পাঁচ ঘণ্টা ঢামেকে চিকিৎসাধীন থাকার পর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে সেখানে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত লেগেছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।