বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হাদির ওপর হামলার প্রতিবাদে কাল শাহবাগে ‘গণপ্রতিরোধ সমাবেশ’

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ১১:৩৪ পিএম

হাদির ওপর হামলার প্রতিবাদে কাল শাহবাগে ‘গণপ্রতিরোধ সমাবেশ’

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ’ ও ‘গণপ্রতিরোধ সমাবেশ’-এর ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় রাজধানীর শাহবাগের জুলাই মিনার প্রাঙ্গণে এই সমাবেশ শুরু হবে।

সমাবেশ সফল করতে দেশের সকল সচেতন নাগরিক, শিক্ষার্থী, যুবসমাজ ও পেশাজীবীদের প্রতি অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠনটি।

আয়োজকরা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করার ঘটনা কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়; বরং এটি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তার ওপর এক ভয়াবহ আঘাত।

এই ঘটনার পর দেশজুড়ে সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভ ও প্রতিবাদের অংশ হিসেবেই সাধারণ নাগরিকদের অংশগ্রহণে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে।ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, দেশের গণতান্ত্রিক ধারাকে নির্বিঘ্ন রাখতে এবং রাজনৈতিক ভিন্নমত দমনে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা মনে করেন, গণঅভ্যুত্থানের শক্তি বিভক্ত হলে পতিত ফ্যাসিবাদী ও দেশবিরোধী চক্র সুযোগ নেবে।

আগামীকালের সমাবেশ থেকে সরকারের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানানো হবে:

নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত করা।

সকল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

ওসমান হাদির ওপর হামলার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করা।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারণাকালে শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই হামলার নিন্দা জানিয়ে হাদির চিকিৎসার সব ব্যয়ভার সরকার বহন করবে বলে ঘোষণা দিয়েছেন।