ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:২৭ পিএম
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে চলমান আন্দোলন এবং দাবি সংক্রান্ত বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, বেতন কমিশনের মাধ্যমেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ শনিবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন,বেতন কমিশনের মাধ্যমেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে নিজেদের অবস্থান ও যুক্তি সংশ্লিষ্ট সকলের কাছে তুলে ধরা হয়েছে, যাতে বিষয়টি কার্যকরভাবে সমাধান করা যায়।”
শিক্ষকদের দাবিকে সরকার অযৌক্তিক বলছে না উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষা চলাকালে আন্দোলন করা যুক্তিযুক্ত ছিল না। তবে পরবর্তীতে শিক্ষকরা বিষয়টি অনুধাবন করে আন্দোলন প্রত্যাহার করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পুনরায় পরীক্ষা নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।শিক্ষকতার পেশাগত দক্ষতা বৃদ্ধি প্রসঙ্গে উপদেষ্টা বলেন,ডিপিএড কোর্স: শিক্ষক হতে আগ্রহীদের জন্য ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্সটি বাধ্যতামূলক করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এতে শিক্ষকতা পেশায় দক্ষ, দায়িত্বশীল ও কমিটেড জনবল তৈরি হবে।লাইসেন্স ব্যবস্থা: তিনি বলেন, ভবিষ্যতে ধাপে ধাপে চিকিৎসক বা অন্য পেশার মতো শিক্ষকতা পেশায় আসার আগে নির্দিষ্ট প্রাক-যোগ্যতা ও বিশেষ প্রশিক্ষণের বাধ্যবাধকতা চালুর পরিকল্পনা রয়েছে।আগামী ১ জানুয়ারি দেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, ইতোমধ্যে প্রয়োজনীয় সব পাঠ্যবই মন্ত্রণালয়ের কাছে পৌঁছেছে।
তিনি আরও বলেন, নির্বাচনকালে প্রাথমিক বিদ্যালয়গুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। তাই বই সংরক্ষণ ও বিতরণ নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন