রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভোটের ৮ ভাগের এক ভাগ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:৪১ পিএম

ভোটের ৮ ভাগের এক ভাগ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ও জামানত সংক্রান্ত বিষয়ে একটি বিস্তারিত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়েছে, কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ (১/৮) ভোট পেতে হবে।

অন্যথায় জামানত বাবদ জমা দেওয়া ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত হবে।ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই পরিপত্র আজ শনিবার জারি করা হয়।

মনোনয়নপত্র দাখিল ও জামানত জমাজমাদানের শেষ দিন: ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ওই দিন বা তার আগের যেকোনো দিনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।

জামানতের পরিমাণ: মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে। এ অর্থ নগদ, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে নির্বাচন কমিশনের অনুকূলে জমা দেওয়া যাবে।

চালান কোড: জামানতের অর্থ ১০৯০৩০২১০১৪৪৩-৮১১৩৫০১ কোড নম্বরে জমা দিতে হবে।

প্রস্তাবকারী, সমর্থনকারী ও দলীয় মনোনয়নযোগ্যতা: সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার যেকোনো ভোটার সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে প্রস্তাব বা সমর্থন করতে পারবেন। তবে প্রস্তাবকারী বা সমর্থনকারী হিসেবে কেউ একাধিক মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারবেন না।

দলীয় প্রত্যয়ন: রাজনৈতিক দলের প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে দলের নিজস্ব প্যাডে সভাপতি, সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।চূড়ান্ত প্রার্থী: একটি দল একাধিক প্রার্থীকে মনোনয়ন দিলে ২০ জানুয়ারি ২০২৬ বিকাল ৫টার মধ্যে চূড়ান্ত প্রার্থীর নাম লিখিতভাবে রিটার্নিং অফিসারকে জানাতে হবে।প্রাপ্তি রসিদ: মনোনয়নপত্র জমা নেওয়ার সময় রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার তাৎক্ষণিকভাবে প্রার্থী বা তার প্রতিনিধিকে প্রাপ্তি স্বীকার রসিদ দেবেন।

বাছাই ক্ষমতা: মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষমতা রিটার্নিং অফিসারের ওপর ন্যস্ত। সহকারী রিটার্নিং অফিসারের কাছে দাখিলকৃত সব মনোনয়নপত্র ২৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ৫টার পরপরই রিটার্নিং অফিসারের কাছে পাঠাতে হবে।নিষিদ্ধ: জামানতের বাইরে কোনো অতিরিক্ত অর্থ গ্রহণ বা প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ।