রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাদিকে গুলি: প্রধান সন্দেহভাজন ফয়সালের অবস্থান নিয়ে যা জানাল পুলিশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:৫৪ পিএম

হাদিকে গুলি: প্রধান সন্দেহভাজন ফয়সালের অবস্থান নিয়ে যা জানাল পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনা তদন্তে এখন পর্যন্ত বিশেষ অগ্রগতি হয়েছে। এই ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল-এর বাসাসহ অন্তত পাঁচটি জায়গা শনাক্ত করা হলেও তাকে এখনো পাওয়া যায়নি।

শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের এক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।সন্দেহভাজন ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছেন—এমন তথ্য নেই উল্লেখ করে তিনি বলেন,ফয়সাল পালাতে পারেননি। বিভিন্ন স্থানে অভিযান ও খোঁজখবর নেওয়া হয়েছে।”

এই কর্মকর্তা আরও জানান, ফয়সাল একাধিক মোবাইল ফোন ও নম্বর ব্যবহার এবং বারবার নম্বর পরিবর্তন করেছেন।

এসব তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হলেও এখনো তার নিশ্চিত কোনো অবস্থান পাওয়া যায়নি। আজ নতুন কোনো তথ্য মেলেনি।তদন্তে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “সবাই সমন্বিতভাবে কাজ করছে। র‌্যাব, ডিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের যোগাযোগ ও সমন্বয় রয়েছে।”অন্যদিকে, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শনিবার গণমাধ্যমকে বলেন, গুলিবিদ্ধ হাদির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলায় মোটরসাইকেল চালক ও তার পেছনে বসে যিনি গুলি করেছেন, তাদের আসামি করা হবে।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ জানান, ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মামলা করবে। তবে তারা হাসপাতালে থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে।উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় হাদিকে গুলি করে আহত করে অস্ত্রধারীরা। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।