ডিসেম্বর ১৭, ২০২৫, ০২:১১ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ১২ ডিসেম্বর রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদির স্বাস্থ্য বর্তমানে স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের জন্য শরীরকে প্রস্তুত করতে হলে প্রথমে সেটিকে সম্পূর্ণভাবে স্থিতিশীল হতে হবে।ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে ইনকিলাব মঞ্চের বরাতে বলা হয়েছে:
বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা।
ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন।
স্বস্তির বিষয় হলো, ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ বর্তমানে সক্রিয় রয়েছে।
চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড—যেকোনো স্থানে হতে পারে বলেও জানানো হয়েছে।
গত ১২ ডিসেম্বর দুপুরে বিজয়নগর এলাকায় রিকশায় চড়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তাঁর মাথায় বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে শনাক্ত করেছে। তারা হলেন—প্রধান সন্দেহভাজন শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং মোটরসাইকেলচালক আলমগীর হোসেন। পুলিশ জানিয়েছে, মূল সন্দেহভাজন দুজনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব না হলেও সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে দেশবাসী তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন