সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:৪৯ পিএম

হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য দিয়েছেন ওই হাসপাতালের অর্থোপেডিক্স এন্ড স্পোর্টস সার্জারী বিভাগের ক্লিনিক্যাল ফেলো ডা. আব্দুল্লাহ আল রাফি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, হাদির সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে এবং এখনই তাঁর দ্রুত ফেরার কোনো সম্ভাবনা নেই।

ডা. রাফি বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ অত্যন্ত শক্তিশালী। এখানে ন্যাশনাল নিউরোসাইন্স ইনস্টিটিউট (এনএনআই) নামে আলাদা প্রতিষ্ঠান রয়েছে।

যেখানে রোবোটিক সার্জারিসহ বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। হাদির মাথায় বুলেটের অংশ থেকে যাওয়ায় তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্তটি পরিবারের পক্ষ থেকে সঠিক ছিল বলে তিনি মন্তব্য করেন।তিনি উল্লেখ করেন, হাদির অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাঁর ‘ইন্ট্রা অপারেটিভ এমআরআই’ করতে হবে। এটি এমন এক প্রযুক্তি যা বাংলাদেশ বা পার্শ্ববর্তী দেশগুলোতে সচরাচর নেই। সার্জারি চলাকালীন সরাসরি মস্তিষ্কের অবস্থা পর্যবেক্ষণের এই পদ্ধতি হাদির চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে হাদির জিসিএস-থ্রি (GCS-3) কন্ডিশন বা চেতনার স্তর অত্যন্ত নিম্নমুখী হওয়ার কথা জানিয়ে ডা. রাফি সতর্ক করে বলেন:হাদিকে রাতারাতি সুস্থ করা সম্ভব নয়। কেউ যদি আশা করেন তিনি দ্রুত ফিরবেন, তবে সেটা এক ধরনের বোকামি হবে। ফিরে আসলেও তাঁকে লম্বা সময় আইসিইউতে থাকতে হবে।

তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, এর আগে একই ধরণের হেড ইনজুরি নিয়ে আসা এক রোগীকে টানা তিন মাস আইসিইউতে থাকতে হয়েছিল। ফলে হাদির সুস্থতা দু-একদিনের বিষয় নয়। এমনকি সুস্থ হয়ে ফিরলেও তাঁকে দীর্ঘ সময় ধরে নানা ধরণের শারীরিক ও স্নায়বিক জটিলতার মধ্য দিয়ে যেতে হতে পারে বলে এই চিকিৎসক জানান।