সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাদির মাথায় জটিল অপারেশনের শেষ চেষ্টা চলছে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৪:০১ পিএম

হাদির মাথায় জটিল অপারেশনের শেষ চেষ্টা চলছে

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, হাদির ব্রেইনে একটি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা।

চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানায়, হাদির ব্রেনস্টেমে (মস্তিষ্কের সংবেদনশীল অংশ) বুলেটের একটি ক্ষুদ্র অংশ এখনও আটকে আছে। সেটি বের করার লক্ষ্যেই এই বিশেষ অস্ত্রোপচারের বিষয়টি চিকিৎসকরা সক্রিয়ভাবে বিবেচনা করছেন।

হাদির বড় ভাই ওমর বিন হাদি আজ সকালে হাসপাতালে তাঁকে দেখার সুযোগ পেয়েছেন এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।ঢাকায় হাদির প্রাথমিক চিকিৎসায় যুক্ত থাকা নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ জানিয়েছেন।

গত রাতে হাদির একটি ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। এছাড়া তাঁর শরীরে ইনফেকশনও ছড়িয়ে পড়েছে। এই বহুমুখী শারীরিক জটিলতার কারণে তাঁর অবস্থা বর্তমানে ‘অত্যন্ত সংকটাপন্ন’। গত রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ বিষয়ে উদ্বেগের কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।হাদির চিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুর পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। তিনি বর্তমানে হাদির পরিবার, হাসপাতাল কর্তৃপক্ষ ও সিঙ্গাপুর সরকারের সাথে সার্বিক বিষয়ে সমন্বয় করছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকেও হাদির শারীরিক অবস্থা এবং পরবর্তী করণীয় নিয়ে অনির্ধারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের অগ্রগতির বিষয়েও উপদেষ্টাদের অবহিত করা হয়। পরিস্থিতি বিবেচনায় হাদির পরিবারের পাশে থাকতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার।