ডিসেম্বর ১৮, ২০২৫, ০৪:৩৭ পিএম
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাঁর মস্তিষ্কে আটকে থাকা বুলেটের অংশ বের করতে পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই জটিল অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে হাদির সর্বশেষ পরিস্থিতি এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা জানানো হয়।
ইনকিলাব মঞ্চের পোস্টে বলা হয়, “ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে।
আপনারা দোয়া করুন, আল্লাহ যেন তাঁকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন।” উল্লেখ্য, হাদির ব্রেনস্টেমে বুলেটের অংশ আটকে থাকায় তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।সংগঠনটি তাদের পোস্টে একটি ‘অগ্রিম’ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে। এতে বলা হয়:ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।
পোস্টে আরও উল্লেখ করা হয় যে, হাদিকে হত্যাচেষ্টায় জড়িত খুনিরা যদি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়, তবে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাদের গ্রেপ্তার করে দেশে ফেরত আনতে হবে। ইনকিলাব মঞ্চ স্পষ্ট করেছে যে, এই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বে না।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হাদির শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে আগামী কয়েক দিনে দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন