ডিসেম্বর ২০, ২০২৫, ১১:১৬ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা ঘিরে রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। শনিবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানিয়েছে জানাজায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় ব্যাপক লোকসমাগম হতে পারে।
এ কারণে ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউতে সাধারণ যানবাহন চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে পুলিশ বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে। মিরপুর রোড থেকে যারা ফার্মগেট বা সোনারগাঁও যাবেন তারা গণভবন ক্রসিং হয়ে লেক রোড এবং বিজয় সরণি দিয়ে যাতায়াত করবেন।
অন্যদিকে ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে যারা ইন্দিরা রোড যেতে চান তাদের খেজুর বাগান ক্রসিং দিয়ে উড়োজাহাজ ক্রসিং ঘুরে যাতায়াত করতে বলা হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের ক্ষেত্রে ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি র্যাম্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
নিরাপত্তার স্বার্থে ডিএমপি আরও জানিয়েছে জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিরা যেন কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু সাথে না আনেন। প্রতিটি প্রবেশপথে পুলিশের কড়া নজরদারি থাকবে। এছাড়া জানাজা শেষ না হওয়া পর্যন্ত সাধারণ চালকদের মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। শহীদ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে লক্ষ্যে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়। নগরের সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখতে সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতাও কামনা করেছে পুলিশ প্রশাসন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন