রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব পালনে ব্যর্থ হবার সুযোগ নেই

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:৫৬ এএম

দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব পালনে ব্যর্থ হবার সুযোগ নেই

দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের প্রতি এই আহ্বান জানান।

বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে অর্পিত দায়িত্ব পালনে কোনোভাবেই ব্যর্থ হবার সুযোগ নেই।”বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারদের (এসপি) উপস্থিতিতে এই ব্রিফিং সভায় সিইসি উল্লেখ করেন ।

নির্বাচন কমিশন অতীতে বিভিন্ন সময় নানা বিতর্কের মুখে পড়েছে। তিনি বলেন, “আমরা অতীতের সেই সকল অপবাদ থেকে নিজেদের মুক্ত করতে চাই ।

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।” এটি একমাত্র আইনের যথাযথ প্রয়োগ ও শাসনের মাধ্যমেই সম্ভব বলে তিনি মন্তব্য করেন।সিইসি আরও যোগ করেন যে, নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসনকে একসাথে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ একটি সঠিক ও সুন্দর নির্বাচন আয়োজন করতে সক্ষম।

কোনো প্রকার পক্ষপাতিত্ব বা অনিয়ম সহ্য করা হবে না—এমন বার্তাও কর্মকর্তাদের দেওয়া হয়। নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এই ব্রিফিংয়ে নির্বাচন কমিশনারগণ ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব এবং স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবগণ উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন সফল করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়।