রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এনসিপি নেতাকে গুলি, আটক সেই নারীর জানা গেছে পরিচয়

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:২৮ এএম

এনসিপি নেতাকে গুলি, আটক সেই নারীর জানা গেছে পরিচয়

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় আটক তনিমা ওরফে তন্বীর পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় সূত্র ও পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রাতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।

জানা গেছে, তনিমা জাতীয় যুবশক্তির খুলনা জেলা শাখার ১নং যুগ্ম সদস্যসচিব। গত ৪ অক্টোবর অনুমোদিত জেলা কমিটিতে তিনি এই গুরুত্বপূর্ণ পদ পান।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় মোতালেব শিকদার রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হন।

শুরুতে এনসিপি নেতারা দাবি করেছিলেন যে, গাজী মেডিকেল কলেজের সামনে এই হামলা হয়েছে। তবে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য। পুলিশ জানায়, নগরীর ১০৯ মজিদ সরণীর ‘মুক্তাহাউজ’ নামে একটি বাসার নিচতলায় এই গুলির ঘটনা ঘটে। ওই কক্ষে মোতালেব শিকদার ও তনিমা তন্বী অবস্থান করছিলেন। তল্লাশি চালিয়ে সেখান থেকে গুলির খোসা, মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত জব্দ করেছে পুলিশ।

খুলনা মহানগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর হোসেন জানিয়েছেন, তনিমা তন্বীকে বর্তমানে সিনিয়র অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তবে পুলিশের প্রাথমিক ধারণা, মাদক বা চাঁদাবাজির টাকার ভাগাভাগি নিয়ে কোনো বিরোধের জেরে এই গুলির ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, রোববার রাত থেকেই মোতালেব ওই কক্ষে ছিলেন এবং পরিচিত কারোর মাধ্যমেই তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে মনে হচ্ছে।

বর্তমানে গুলিবিদ্ধ মোতালেব শিকদার আশঙ্কামুক্ত রয়েছেন। এই ঘটনায় এনসিপির ভাবমূর্তি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে, বিশেষ করে বাসা থেকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার হওয়ায়। ডিবি পুলিশ মামলার প্রক্রিয়া শুরু করেছে এবং তন্বীর কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।