ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:৪৭ এএম
বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার হারানো গৌরব ফিরিয়ে আনা এবং আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সাথে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সিইসি তার বক্তব্যে বিগত সময়ের নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করে বলেন, “বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে।
অতীতে যোগসাজশ করে পাতানো নির্বাচন করা হয়েছে। আমরা এই কলঙ্কিত অপবাদ ঘুঁচিয়ে আইনের শাসনের মাধ্যমে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসীকে উপহার দিতে চাই।
তিনি কর্মকর্তাদের সতর্ক করে বলেন যে, দেশ এখন এক গুরুত্বপূর্ণ যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং এই সময়ে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করার কোনো পথ থাকবে না।মাঠ কর্মকর্তাদের উদ্দেশ্যে নাসির উদ্দিন বলেন, আপনারা কাজ না করলে অথরিটি কাজ করবে না।মাঠের বাস্তবতা আপনারা সবচেয়ে ভালো জানেন, তাই আপনাদের বুঝিয়ে বলার প্রয়োজন নেই। শুধু মনে রাখবেন—আইন সবার জন্য সমান।
কোনো অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেবেন না। তিনি আরও যোগ করেন যে, এই নির্বাচনের মাধ্যমে অতীতে হওয়া ‘খারাপ নির্বাচনের’ যে দুর্নাম কমিশনের ওপর রয়েছে, তা তারা পুরোপুরি মুছে ফেলতে চান।উল্লেখ্য যে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধিই ছিল এই সভার মূল লক্ষ্য।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন