বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার জানাজা ঘিরে রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৯:৫৯ এএম

খালেদা জিয়ার জানাজা ঘিরে রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য এই জানাজা ও পরবর্তী দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন।

জানাজা ও দাফন কার্যক্রম ঘিরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এলাকা এবং শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় বিজিবির বিশেষ টহল ও অবস্থান নিশ্চিত করা হয়েছে।

জানাজায় লক্ষ লক্ষ মানুষের সমাগমের বিষয়টি মাথায় রেখে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, জানাজা আয়োজনের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বিজিবি সমন্বয় করে কাজ করছে। জানাজায় অংশগ্রহণকারী সাধারণ মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে বিজিবি সদস্যদের পাশাপাশি পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে শেরেবাংলা নগরে সমাহিত করা পর্যন্ত নিরাপত্তা বলয় অটুট থাকবে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, জানাজা উপলক্ষে আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।