শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার জানাজার ময়দানে হাসিনার বিচারের দাবি জনতার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৯:৫৪ পিএম

খালেদা জিয়ার জানাজার ময়দানে হাসিনার বিচারের দাবি জনতার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষের শোকের আবহ এক পর্যায়ে ক্ষোভের বহিঃপ্রকাশে রূপ নেয়। বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানাজার আগে বিএনপির পক্ষ থেকে দেওয়া বক্তব্যে শেখ হাসিনাকে এই মৃত্যুর জন্য দায়ী করা হলে পুরো ময়দান প্রকম্পিত হয়ে ওঠে।

উপস্থিত জনতা গগনবিদারী স্লোগানে পলাতক শেখ হাসিনার বিচার দাবি করেন।জানাজার আগে দলের পক্ষ থেকে বেগম জিয়ার জীবনবৃত্তান্ত পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় ২০১৮ সাল থেকে দুই বছরের বেশি সময় কারাগারে বন্দি ছিলেন দেশনেত্রী।

চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দেশবাসী সাক্ষী, তিনি হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে বের হলেন চরম অসুস্থতা নিয়ে।তিনি আরও বলেন, দেশ-বিদেশের চিকিৎসকরা বারবার বলার পরও চার বছরে তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। ফলে তিলে তিলে তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবেন না।বক্তব্যে আরাফাত রহমান কোকোর মৃত্যুর প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় কোকো বিনা চিকিৎসায় মারা যান।

তাঁর লাশ যখন দেশে আনা হয়, তখনও বেগম জিয়াকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছিল শেখ হাসিনার সরকার। পুত্রহারা মায়ের প্রতি সেই অমানবিক আচরণের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন তিনি।

শেখ হাসিনার বর্তমান পরিস্থিতির সঙ্গে বেগম জিয়ার বিদায়ের তুলনা করেন নজরুল ইসলাম। তিনি বলেন, "দেশের কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে খালেদা জিয়া শেষ বিদায় নিচ্ছেন। আর যিনি তাঁকে গৃহহীন ও পুত্রহারা করেছিলেন, সেই ফ্যাসিস্ট হাসিনা পালানোর আগে নিজের রান্না করা খাবারও খেয়ে যেতে পারেননি। আজ তাঁর মাথার ওপর মৃত্যুপরোয়ানা ঝুলছে।