শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে দুর্ঘটনা: তদন্তে বেরিয়ে এলো যে কারণ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৪:৫৫ পিএম

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে দুর্ঘটনা: তদন্তে বেরিয়ে এলো যে কারণ

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তদন্ত কমিটি জানিয়েছে, খুলে পড়া দুটি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল। তবে এ ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তদন্ত কমিটি এ তথ্য জানায়। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, বিয়ারিং প্যাডগুলোর গুণগত মান পরীক্ষার ক্ষেত্রে ১০টি প্যারামিটার বিবেচনা করা হয়েছে।

এর মধ্যে দুটি প্যারামিটারের মান পুরোপুরি ভালো বা আশানুরূপ মনে হয়নি। তবে কমিটি উল্লেখ করেছে, দুটির ভিত্তিতে সবগুলোকে খারাপ বা ভালো—কোনোটাই চূড়ান্তভাবে বলা যাবে না। মূল বিষয় হলো, নাশকতার কোনো আলামত মেলেনি, এটি যান্ত্রিক বা কাঠামগত ত্রুটি ছিল।ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড খুলে পড়ার দুটি ঘটনা ঘটেছিল: ১. ১৮ সেপ্টেম্বর ২০২৪: প্রথমবার বিয়ারিং প্যাড খুলে পড়ে, এতে ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ থাকলেও কেউ হতাহত হননি।

২. ২৬ অক্টোবর: দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় প্রায় ৮০ কেজি ওজনের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে। এতে দুর্ভাগ্যজনকভাবে এক যুবকের মৃত্যু হয় এবং মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।সরকার গঠিত তদন্ত কমিটি দীর্ঘ অনুসন্ধান শেষে আজ এই প্রতিবেদন প্রকাশ করল।