জানুয়ারি ১, ২০২৬, ০৯:৫৭ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া সঞ্জয় চিসিম ও তাঁর সহযোগী মো. ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সাহায্য করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত তাঁদের জবানবন্দি রেকর্ড করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান। জবানবন্দি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা সম্পন্ন করেন শহীদ ওসমান হাদি। এরপর দুপুর ২টা ২০ মিনিটের দিকে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুষ্কৃতিকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।গুলি করার ঘটনার পর গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা করেন, যা হাদির মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তরিত হয়। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা মূল ঘাতক ফয়সাল করিম মাসুদকে সীমান্ত পার করে দিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন