জানুয়ারি ৪, ২০২৬, ০৩:২৬ পিএম
রাজধানীর উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকাগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’, বাংলাদেশ সচিবালয় এবং এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কঠোর নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী সোমবার (৫ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলো:
বাংলাদেশ সচিবালয় ও তৎসংলগ্ন এলাকা।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও পার্শ্ববর্তী এলাকা।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং।
কাকরাইল মসজিদ ক্রসিং।
অফিসার্স ক্লাব ক্রসিং।
মিন্টু রোড ক্রসিং।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্লেখিত এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, গণজমায়েত, অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রাসহ যেকোনো ধরনের জনসমাগমমূলক কর্মসূচি পালন করা যাবে না।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ক্রমবর্ধমান গণজমায়েত ও বিক্ষোভের প্রেক্ষাপটে এই ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন