রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পোস্টাল ব্যালটে নিবন্ধন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ১০:২৯ এএম

পোস্টাল ব্যালটে নিবন্ধন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাত ১২টায় নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য সফলভাবে নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, বিশ্বের ১২৩টি দেশ থেকে মোট ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী বাংলাদেশি ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

দেশের বাইরে থেকে নিবন্ধনের তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরব, যেখান থেকে ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন ভোটার আবেদন করেছেন।

অন্যদিকে, দেশের ভেতরে থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন ভোটার। তাঁদের মধ্যে:

সরকারি চাকরিজীবী: ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন।

নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মী: ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন।

আনসার ও ভিডিপি সদস্য: ১০ হাজার ১০ জন।

কারাবন্দি ভোটার: ৬ হাজার ২৮৩ জন।

আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর থেকেই নিবন্ধিত ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রার্থীর তালিকা দেখে পছন্দের প্রার্থীকে ভোট দিতে নিবন্ধিত ভোটাররা ২২ জানুয়ারি থেকেই তাঁদের ফিরতি ব্যালট ডাকযোগে পাঠাতে পারবেন। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মূল ভোটগ্রহণের আগেই এই ব্যালটগুলো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে। ইসি জানিয়েছে, প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠানোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। অনেক দেশে ১০ জানুয়ারির মধ্যে ব্যালট পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের এই বিপুল নিবন্ধন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রমাণ দেয়। বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার এই উদ্যোগকে ঐতিহাসিক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।