জানুয়ারি ৬, ২০২৬, ০৪:৩০ পিএম
সিলেটের শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প থেকে ৩৮ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক হিসাব প্রধান খোন্দকার মুহাম্মদ ইকবালের ২৫ কোটি টাকা মূল্যের সম্পদ জব্দ করেছে সিআইডি।
তদন্তে উঠে এসেছে যে ইকবাল জালিয়াতির মাধ্যমে ভুয়া বিল ও রসিদ তৈরি করে নিজের ও স্ত্রী হালিমা আক্তারের নামে এসব স্থাবর-অস্থাবর সম্পত্তি গড়েছেন।
জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে ১২টি ফ্ল্যাট, ২৩ দশমিক ৫ কাঠা জমি এবং ৩টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৩০ লাখ টাকা। এছাড়া সিআইডি তার স্ত্রী হালিমা আক্তারের নামে থাকা দুটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে।
২০০৫ সালে সহকারী হিসাবরক্ষক হিসেবে যোগ দেওয়া ইকবালের ১৪ বছরের ক্যারিয়ারে ৯১টি গাড়ি ও একাধিক ডিপার্টমেন্টাল স্টোরের মালিক হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে তার মালিকানাধীন ২১টি বাস রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভাড়ায় চলছে এবং সেখান থেকে প্রাপ্ত লভ্যাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে।
মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা এই মামলার তদন্ত করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। একই ঘটনায় পৃথকভাবে ২৬টি মামলার তদন্ত করছে দুদক। এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও জালিয়াতির সাথে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত করতে অনুসন্ধান অব্যাহত রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন