রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ১১:১৩ এএম

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের আজই শেষ দিন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকেই আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ১০টি নির্ধারিত বুথে আপিল জমা দেওয়ার কার্যক্রম চলছে। বিকেল ৫টা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়েছে।

মূলত যারা মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে সংক্ষুব্ধ হয়েছেন বা কারো মনোনয়নপত্র গ্রহণের বিষয়ে আপত্তি আছে, তারাই এই সুযোগ গ্রহণ করছেন।

ইসি সূত্রে জানা গেছে, গত চার দিনে নির্বাচন কমিশনে সর্বমোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিনেই ১৭৪টি আবেদন এসেছে।

চার দিনে জমা হওয়া আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং গ্রহণের বিরুদ্ধে ১০টি আপিল রয়েছে। শেষ দিন হওয়ায় আজ আবেদনকারীর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগারগাঁও নির্বাচন ভবনের বেজমেন্টে অঞ্চলভিত্তিক বুথগুলো থেকে এসব আপিল গ্রহণ করা হচ্ছে।নির্বাচনী তফশিল অনুযায়ী, আজকের পর ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারসহ ফুল কমিশন এই আপিলগুলোর ওপর শুনানি পরিচালনা করবেন।

১৮ জানুয়ারির মধ্যে সকল আপিল নিষ্পত্তি করা হবে। শুনানিতে যারা বৈধতা পাবেন, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ফিরে পাবেন। এরপর ২০ জানুয়ারি হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের মাঝে চূড়ান্ত প্রতীক বরাদ্দ করা হবে এবং এর পরদিন অর্থাৎ ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

উল্লেখ্য যে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষে গণভোট একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৩শটি নির্বাচনি এলাকায় রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল এবং ১ হাজার ৮৪২ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছিল। যারা আজ ৫টার মধ্যে আপিল করতে ব্যর্থ হবেন, তাদের জন্য আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। নির্বাচন কমিশন স্বচ্ছতা নিশ্চিত করতে সব পক্ষের বক্তব্য গুরুত্বের সাথে শোনার প্রস্তুতি নিয়েছে।