রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচন ও গণভোট বিষয়ে ইসির নতুন নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ১১:২৯ এএম

নির্বাচন ও গণভোট বিষয়ে ইসির নতুন নির্দেশনা

আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি বিস্তারিত পরিপত্র জারি করা হয়।

মূলত ব্যালট পেপার, অফিশিয়াল সিল ও ব্রাস সিলসহ গুরুত্বপূর্ণ সামগ্রী বিতরণ ও সংরক্ষণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে ভোটকেন্দ্রভিত্তিক নির্বাচনী সামগ্রী বিতরণের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের তালিকা অনুযায়ী সব ফরম, প্যাকেট ও খাম সঠিকভাবে যাচাই করতে হবে। যদি কোনো সরঞ্জামের কম-বেশি দেখা যায় তবে সাথে সাথে জেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়ে ব্যবস্থা নিতে হবে।

বিশেষ করে ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষায় বিজি প্রেস বা সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে সরবরাহকৃত ব্যালটগুলো রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানোর পর প্রার্থীর নাম ও প্রতীক ভালোভাবে মিলিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসারদের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত এগুলোকে সুরক্ষিত পাহারায় রাখতে হবে।নির্বাচন কমিশন সিলের নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ কৌশল অবলম্বন করেছে। অফিশিয়াল ও ব্রাস সিলে থাকা সিকিউরিটি কোড নম্বরগুলো সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কোন ভোটকেন্দ্রে কোন কোডের সিল দেওয়া হচ্ছে তা পৃথক রেজিস্টারে লিপিবব্ধ করতে হবে এবং প্রতিটি সিলের ছাপ সংরক্ষণ করতে হবে। ভোটগ্রহণ শেষে সিল ও মনিহারী সামগ্রী পৃথক ছোট ব্যাগে সিলগালা করে বড় ব্যাগের সঙ্গে বেঁধে পর্যাপ্ত পুলিশ প্রহরায় দ্রুত রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে দিতে হবে।

নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রের মালামাল পরিবহনের জন্য বড় ও ছোট দুই ধরনের হেসিয়ান ব্যাগ বা চটের বস্তা ব্যবহার করতে হবে। ভোটগ্রহণ শেষে সব ব্যাগে সংশ্লিষ্ট কেন্দ্রের নাম ও নম্বর স্পষ্ট করে লিখে দিতে হবে। ইসি সচিবালয় মনে করছে এই কঠোর তদারকির ফলে ভোট জালিয়াতি বা নির্বাচনী সামগ্রী ছিনতাইয়ের মতো ঘটনা রোধ করা সম্ভব হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণভোট আয়োজনে কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো শিথিলতা সহ্য করা হবে না বলেও পরিপত্রে সতর্ক করা হয়েছে।