রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে সরকার: শফিকুল আলম

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ০৩:২৫ পিএম

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে সরকার: শফিকুল আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিতে অন্তর্বর্তী সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি জোর দিয়ে বলেন যে, বর্তমানে দেশে অত্যন্ত ইতিবাচক নির্বাচনী পরিবেশ বিরাজ করছে।প্রেস সচিব শফিকুল আলম বলেন,এখন পর্যন্ত দৃশ্যমান এমন কিছু ঘটেনি যা দেখে বলা যাবে যে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

ছোট-বড় সব দলের জন্যই সমান সুযোগ বিদ্যমান। দু-একজন ব্যক্তিগতভাবে প্রশ্ন তুললেও সামগ্রিক পরিবেশ অত্যন্ত সুষ্ঠু। 

তিনি আরও জানান যে, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর এবং মাঠ পর্যায়ে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতে সর্বোচ্চ নজরদারি রাখা হচ্ছে।পরিদর্শনকালে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাম্প্রতিক মাজার হামলার বিষয়েও কথা বলেন প্রেস সচিব। তিনি বলেন, "বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার। অথচ ইদানীং বিভিন্ন অজুহাতে মাজারে হামলা চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক।

 তিনি স্পষ্ট করেন যে, ধর্মীয় স্থাপনায় কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এর আগে সকালে শফিকুল আলম ময়মনসিংহ নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার এবং ঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন। মাজার ও মন্দির পরিদর্শনের মাধ্যমে তিনি দেশের ধর্মীয় সহাবস্থানের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।