বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ট্রলারের আঘাতে ক্ষতিগ্রস্ত পাইপলাইন, ঢাকায় তীব্র গ্যাস সংকট

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ০৪:৫৩ পিএম

ট্রলারের আঘাতে ক্ষতিগ্রস্ত পাইপলাইন, ঢাকায় তীব্র গ্যাস সংকট

রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদে মালবাহী ট্রলারের আঘাতে তিতাস গ্যাসের বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা মহানগরীজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। শীতকালীন স্বাভাবিক গ্যাস স্বল্পতার মধ্যেই এই দুর্ঘটনা নগরবাসীর ভোগান্তি চরমে পৌঁছে দিয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ছুটির দিনেও রাজধানীর বিশাল একটি অংশে চুলা না জ্বলায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমিনবাজারে ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি মেরামতের কাজ চলছে। তবে দুর্ঘটনাকবলিত পাইপ দিয়ে পানি প্রবেশ করায় এবং জাতীয় গ্রিডে গ্যাসের সামগ্রিক সরবরাহ কম থাকায় ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।পাইপলাইন লিকেজের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে রাজধানীর পশ্চিমাঞ্চলে। বিশেষ করে গাবতলী থেকে আসাদগেট, মোহাম্মদপুর, বসিলা, লালমাটিয়া, ধানমন্ডি, শংকর, জিগাতলা এবং হাজারীবাগ এলাকায় গ্যাসের চাপ নেই বললেই চলে। বুধবার থেকেই এসব এলাকায় সমস্যা শুরু হলেও শুক্রবার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

গ্যাস না থাকায় দৈনন্দিন রান্নাবান্না ও খাওয়া-দাওয়া নিয়ে চরম বিপত্তিতে পড়েছেন নগরবাসী। মোহাম্মদপুরের এক বাসিন্দা বলেন, রাতে টিমটিম করে একটু গ্যাস থাকলেও আজ সকাল থেকে চুলায় একদম গ্যাস নেই। বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে আনতে হয়েছে, কিন্তু সেখানেও ভিড়।ধানমন্ডির আরেক ভুক্তভোগী জানান, সকাল থেকে গ্যাসের অপেক্ষায় ছিলাম। উপায় না পেয়ে এখন ইলেকট্রিক চুলায় রান্না করতে হচ্ছে। যাদের সেই ব্যবস্থা নেই, তাদের অবস্থা আরও শোচনীয়।”

শীতকালে সাধারণত পাইপলাইনে গ্যাসের ঘনীভবন বা কনডেনসেট জমার কারণে চাপ কিছুটা কম থাকে। এর মধ্যে এমন দুর্ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কবে নাগাদ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলতে পারেনি তিতাস কর্তৃপক্ষ, তবে তারা সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।