বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন ইসির

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ০৮:৪৭ পিএম

প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বড়সড় মাইলফলক স্পর্শ করল নির্বাচন কমিশন (ইসি)। বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ডাক বিভাগ ইসি থেকে প্রাপ্ত সব পোস্টাল ব্যালট বহির্বিশ্বে পাঠানোর প্রক্রিয়া শেষ করেছে।

ডাক বিভাগের এয়ারপোর্ট সর্টিং অফিসের সহকারী পোস্টমাস্টার জেনারেল শামীম সোহানী বিষয়টি নিশ্চিত করেছেন।ইসি সূত্র জানায়, গত ২০ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে ব্যালট পাঠানো শুরু হয়।

বিমান বাংলাদেশ, এমিরেটস, মালয়েশিয়ান, সিঙ্গাপুর এবং সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দ্রুততম সময়ে এসব ব্যালট পাঠানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তা গন্তব্যে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

সবচেয়ে বেশি ব্যালট পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যে। দেশভিত্তিক তথ্যে দেখা যায়:

সৌদি আরব: ২ লাখ ৩৭ হাজার ৫২৯ জন (সর্বোচ্চ)

মালয়েশিয়া: ৮৪ হাজার ১৭৪ জন

কাতার: ৭৫ হাজার ৮৬৯ জন

ওমান: ৫৬ হাজার ৬৩ জন

বৃহস্পতিবার রাতে সর্বশেষ চালানে ৯১টি দেশে ৩৯ হাজার ৩৮ জন প্রবাসীর ব্যালট পাঠানো হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, নিবন্ধিত প্রবাসীদের মধ্যে প্রায় ৩ হাজারের বেশি ভোটার সঠিক ঠিকানা দেননি। ফলে তাদের ঠিকানায় ব্যালট পাঠানো সম্ভব হয়নি।তিনি পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছেন। তিনি বলেন, “পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের নিজের দায়িত্ব। কেউ এই গোপনীয়তা লঙ্ঘন করলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেওয়া হতে পারে।

ইসি জানায়, দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন ভোটার নিবন্ধন করেছেন। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর তাদের কাছে ব্যালট পাঠানো শুরু হবে। দেশের ভেতরে ব্যালট পাঠানো এবং তা ফিরে আসার পুরো প্রক্রিয়ায় প্রায় ৭ দিন সময় লাগতে পারে।এবারের নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার (দেশি ও প্রবাসী মিলে) পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।