জানুয়ারি ১০, ২০২৬, ০৩:০৩ পিএম
দেশের ব্যাংকিং খাত বর্তমানে অনেকটাই স্থিতিশীলতার দিকে এগোলেও ঋণের সুদহার এখনই কমানো সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাস্তবতার নিরিখে এই মুহূর্তে সুদের হার কমানো একটি কঠিন চ্যালেঞ্জ।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাংকিং অ্যালমানাক’-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, “ব্যাংকিং খাত এখন অনেকটা স্থিতিশীল পর্যায়ে রয়েছে। তবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সহজ নয়। এছাড়া মূল্যস্ফীতি কমানোর বিষয়টিও কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়; এর জন্য ব্যবসায়ী এবং সাধারণ কমিউনিটির সক্রিয় সহায়তা প্রয়োজন।
জনপ্রিয়তা অর্জনের চেয়ে দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, “জনপ্রিয়তার চাপে পড়ে নয়, বরং দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনা করেই আমাদের নীতি নির্ধারণ করতে হয়। নীতি গ্রহণের ক্ষেত্রে সবাইকে সব সময় সন্তুষ্ট করা সম্ভব হয় না এবং এতে কিছু ভুল থাকার সম্ভাবনাও থাকে, তবে আমরা দেশের কল্যাণে কাজ করছি।
নিজের কাজের মূল্যায়ন নিয়ে তিনি বলেন, আমি জানি না ভবিষ্যতে ব্যর্থ কোনো প্রতিষ্ঠানে যাব কি না। তবে গভর্নর হিসেবে আমি পুরোপুরি ব্যর্থ হব এটা মনে করি না। আমাদের কিছু কাজের সুফল আপনারা অচিরেই দেখতে পাবেন।অনুষ্ঠানে তিনি উপস্থিত ব্যাংকার এবং অর্থনীতিবিদদের দেশের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি মনে করিয়ে দেন যে, মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় ইবাদত এবং ভবিষ্যতেও সবাই মিলে বাংলাদেশের জন্য কাজ করে যেতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন