রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পে স্কেল বাস্তবায়ন ইস্যুতে যা বললেন অর্থ উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ১১:১৬ পিএম

পে স্কেল বাস্তবায়ন ইস্যুতে যা বললেন অর্থ উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অভ্যন্তরে মিশ্র বার্তা পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্যের পর এই ইস্যুতে এবার কথা বলেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। তবে শনিবার (১০ জানুয়ারি) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ একটি সংবাদমাধ্যমকে বলেন, “গভর্নর কী বক্তব্য দিয়েছেন, তা আমার সঙ্গে সম্পৃক্ত নয়।

অর্থ উপদেষ্টা আরও জানান, পে স্কেল নিয়ে একটি কমিশন গঠন করা আছে এবং তারা কাজ করছেন। পে স্কেল প্রণয়নের কাজ বর্তমানে চলমান রয়েছে।

তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এটি বাস্তবায়ন করবে নাকি কাঠামো তৈরি করে দিয়ে যাবে, সে বিষয়ে তিনি নিজেই পরবর্তীতে বিস্তারিত জানাবেন।গভর্নরের বক্তব্যে ক্ষুব্ধ ও হতাশ সরকারি কর্মচারীরা রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে।

জোটের মুখ্য সমন্বয় ওয়ারেছ আলী বলেন, এই জানুয়ারি মাসেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে দেশের সব জেলায় একই সময়ে প্রতীকী অনশন পালিত হবে।উল্লেখ্য, নতুন পে স্কেলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন কয়েক লাখ সরকারি কর্মচারী। মুদ্রাস্ফীতির বাজারে জীবনযাত্রার ব্যয় বাড়ায় দ্রুত নতুন বেতন কাঠামো চান তারা।