শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

২০০৮ সালের নির্বাচনে সম্পদের মিথ্যা তথ্য দিয়েছিলেন হাসিনা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ০২:১৬ পিএম

২০০৮ সালের নির্বাচনে সম্পদের মিথ্যা তথ্য দিয়েছিলেন হাসিনা

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রকৃত সম্পদের তথ্য গোপন করেছিলেন বলে দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন।

দুদক চেয়ারম্যান জানান, ২০০৮ সালের নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামায় শেখ হাসিনা তার নামে মাত্র ৫.২ একর কৃষিজমি থাকার কথা উল্লেখ করেছিলেন। তবে পরবর্তীতে দুদকের নিজস্ব অনুসন্ধানে দেখা যায়, তার নামে প্রকৃতপক্ষে ২৯ একর জমি ছিল।

ড. মোমেন বলেন, সে সময় যদি এই তথ্যগুলো সঠিকভাবে খতিয়ে দেখা হতো এবং ব্যবস্থা নেওয়া হতো, তবে তিনি হয়তো নির্বাচনে অংশ নিতে পারতেন না।

চেয়ারম্যান আরও উল্লেখ করেন যে, দুদক ওই সময়ে এই দুর্নীতির তথ্য খুঁজে বের করলেও নানা সীমাবদ্ধতা ও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে শেখ হাসিনার মনোনয়ন বাতিল বা আইনি ব্যবস্থা কার্যকর করতে পারেনি। তিনি বর্তমান নির্বাচন প্রসঙ্গে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা হলফনামাগুলো দুদক কড়া নজরে রাখছে। কোনো প্রার্থী দেশি বা বিদেশি সম্পদের তথ্য গোপন করলে তা কঠোরভাবে তদন্ত করা হবে।

মোহাম্মদ আবদুল মোমেন জোর দিয়ে বলেন, দলমত নির্বিশেষে সৎ ব্যক্তিকে নির্বাচিত করা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক। যারা হলফনামায় মিথ্যা তথ্য দিচ্ছে বা দুর্নীতির সাথে জড়িত, তাদের বিচারের মুখোমুখি করা হবে। দুদক কেবল একটি তথ্য অনুসন্ধানকারী সংস্থা হিসেবে কাজ করছে এবং আদালতের মাধ্যমে এসব অপরাধের বিচার নিশ্চিত করার চেষ্টা করছে।শেখ হাসিনার মতো হাই-প্রোফাইল নেত্রীর অতীতের হলফনামা নিয়ে দুদক চেয়ারম্যানের এমন মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।