সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

হাদি হত্যা মামলা: চার্জশিট দাখিল ও শুনানি ১৫ জানুয়ারি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০১:২১ পিএম

হাদি হত্যা মামলা: চার্জশিট দাখিল ও শুনানি ১৫ জানুয়ারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল ও অভিযোগ গঠনের জন্য আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে আদালত এই দিন নির্ধারণ করেন।

মামলাটির গুরুত্ব বিবেচনা করে রাষ্ট্রপক্ষের হয়ে আইনি লড়াই করতে ইতোমধ্যে তিনজন বিশেষ আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুই যুবক শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়।

মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকেই ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন ছাত্র-জনতার সংগঠন খুনিদের দ্রুত বিচার ও নেপথ্যের কারিগরদের চিহ্নিত করার দাবি জানিয়ে আসছে। আদালতের এই নির্দেশনার মাধ্যমে মামলার বিচারিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। ১৫ জানুয়ারি চার্জশিট দাখিলের পর অপরাধীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।