রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ০২:২৪ পিএম

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। সোমবার (১২ জানুয়ারি) সকালে গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে এক সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আনসার বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।

নিরাপত্তার বিস্তারিত ছক তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে ৩ জন অস্ত্রধারী সদস্য, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য থাকবেন।

বিশেষ ব্যবস্থা হিসেবে ৩ জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন সরাসরি প্রিজাইডিং অফিসারের সাথে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনী এলাকায় যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে।নবীন আনসার সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ধরনের অনৈতিক বা পক্ষপাতমূলক আচরণ করা যাবে না যা নির্বাচন প্রক্রিয়াকে বিঘ্নিত করতে পারে।

তিনি দুর্নীতি ও স্বজনপ্রীতি থেকে দূরে থেকে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দেন। নতুন বাংলাদেশ গঠনে আনসার সদস্যদের দেশপ্রেম ও নিষ্ঠার সাথে আইনের শাসন রক্ষা করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।