জানুয়ারি ১৩, ২০২৬, ০২:৫৭ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি (জাপা), ১৪ দল এবং এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের আনুষ্ঠানিক দাবি জানিয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণকারী মোর্চা ‘জুলাই ঐক্য’।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে সংগঠনটির নেতারা অতিরিক্ত সচিব এম আলী নেওয়াজের কাছে এই স্মারকলিপি জমা দেন।
১. মনোনয়ন বাতিল: জুলাই ঐক্যের নেতারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ১৪০০-এর বেশি ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগী ১৪ দল এবং জাতীয় পার্টি। জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ২৪৪টি আসনে প্রার্থী দিয়েছে, যারা গত ১৬ বছর ফ্যাসিবাদের সহযোগী ছিল। তাই অবিলম্বে তাদের মনোনয়ন বাতিল করতে হবে।
২. প্রশাসন সংস্কার ও বদলি: স্মারকলিপিতে অভিযোগ করা হয়, প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা বহাল তবিয়তে আছেন। যারা ২০১৮ ও ২০২৪ সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারিগর এবং যেসব ম্যাজিস্ট্রেটের নির্দেশে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছিল, তারা এখনো বিভিন্ন উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। এদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
৩. ইলেকশন ইঞ্জিনিয়ারিং রোধ: রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে নির্দিষ্ট কোনো দলকে ক্ষমতায় আনার চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করে জুলাই ঐক্য। তারা দ্রুত নির্বাচন কমিশনের ওপর সব দলের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।
জুলাই ঐক্যের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "শহীদ পরিবারগুলো এখনো বিচারের দাবিতে রাস্তায় আছে। এমন পরিস্থিতিতে ভারতীয় প্রেসক্রিপশনে চলা ১৪ দল বা জাপাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া গণঅভ্যুত্থানের রক্তের সঙ্গে বেইমানি।" তারা অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন