বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বিএসসি-কে শক্তিশালী ও লাভজনক থাকতে হবে: প্রধান উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৬, ০৩:৩৭ পিএম

বিএসসি-কে শক্তিশালী ও লাভজনক থাকতে হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ শিপিং করপোরেশনকে (বিএসসি) একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখার কঠোর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএসসি কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের ঋণের কিস্তি এবং অর্থবছরের লভ্যাংশ বাবদ ২০৩ কোটি ৪৭ লাখ টাকার চেক গ্রহণকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

 প্রধান উপদেষ্টার হাতে এই চেক হস্তান্তর করেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এবং বিএসসির ব্যবস্থাপনা পরিচালক।

চেক গ্রহণ অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিএসসি-কে এমনভাবে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে হবে যাতে প্রতিষ্ঠানের নিজস্ব আয় দিয়েই বহরে নতুন নতুন জাহাজ যুক্ত করা সম্ভব হয়। তিনি মনে করেন, বহরে জাহাজের সংখ্যা বাড়লে দেশের নাবিকদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

এর পাশাপাশি বিশ্বমানের নাবিক তৈরিতে মেরিন একাডেমির প্রশিক্ষকদের যথাযথ সম্মানী প্রদান করে তাদের ধরে রাখার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিএসসি কর্তৃপক্ষ জানায় যে চীন সরকারের ঋণে কেনা ৬টি নতুন জাহাজের কিস্তির টাকা এবং লভ্যাংশ থেকে এই অর্থ সরকারকে প্রদান করা হয়েছে। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী বিএসসি আগামী ১৩ বছরের মধ্যে মোট ২,৪২৫ কোটি টাকা পরিশোধ করবে। উল্লেখ্য যে প্রতিষ্ঠানটি তার ৫৪ বছরের ইতিহাসে বিদায়ী অর্থবছরে প্রায় ৮০০ কোটি টাকা আয় করে ৩০৬ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা একটি রেকর্ড। মূলত ২০১৮-১৯ সালে বহরে যুক্ত হওয়া ৫টি বাণিজ্যিক জাহাজ এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে।

প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী বিএসসি ইতিমধ্যে নিজস্ব অর্থায়নে নতুন জাহাজ সংগ্রহের কাজ শুরু করেছে। যার ধারাবাহিকতায় গত অক্টোবরে ‘বাংলার প্রগতি’ বহরে যুক্ত হয়েছে এবং আগামী ৩০ জানুয়ারি ‘বাংলার নবযাত্রা’ নামের দ্বিতীয় জাহাজটি ডেলিভারি পাওয়ার কথা রয়েছে। এছাড়া চীন থেকে জি-টু-জি ভিত্তিতে আরও ৪টি বড় মাদার ভেসেল সংগ্রহের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টা বিএসসির এই ধারাবাহিক সাফল্য বজায় রাখার ওপর জোর দিয়েছেন।