জানুয়ারি ১৬, ২০২৬, ০৬:৪৯ পিএম
নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।
অর্থ উপদেষ্টা বলেন পে স্কেল সংক্রান্ত কমিটির কাজ বর্তমানে চলমান এবং প্রতিবেদন হাতে পাওয়ার পরপরই সরকার দ্রুততম সময়ে তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সালেহউদ্দিন আহমেদ জানান, সরকারি কর্মচারীদের জীবনমান বিবেচনায় রেখে পে স্কেল নির্ধারণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী বেতন কাঠামো চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, "বাস্তবায়ন প্রক্রিয়াটি সময়ের ব্যাপার মাত্র, তাই সবাইকে কিছুটা ধৈর্য ধারণ করতে হবে।" একই অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারও পে স্কেল সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।গণভোট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, আসন্ন গণভোটে মানুষের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটবে।
বর্তমান সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রশাসনিকভাবে কাজ করছে এবং এই প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নিজে দেশের বিভিন্ন জেলা সফর করে গণভোটের গুরুত্ব তুলে ধরছেন বলে উল্লেখ করেন। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার এবং নাটোরের জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন